প্রিন্ট এর তারিখঃ Aug 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 30, 2026 ইং
ইপিজেডে পুলিশের বিশেষ অভিযান: ৭ মামলার আসামি রিয়াজ প্রকাশ রিয়াদ গ্রেপ্তার।

পারভেজ বাঙালী,
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ব্যারিস্টার কলেজ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুর্ধর্ষ ছিনতাইকারী হিসেবে পরিচিত মো. রিয়াজ প্রকাশ রিয়াদকে (৩০) গ্রেপ্তার করেছে ইপিজেড থানা পুলিশ।
রোববার (৩০ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান, বিপিএম-এর নেতৃত্বে পুলিশের একটি দল ব্যারিস্টার কলেজ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, রিয়াজ প্রকাশ রিয়াদ ইপিজেড থানার মামলা নং-০৮, তারিখ ১৮ আগস্ট ২০২৬-এর এজাহারনামীয় পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রিয়াজ চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার ছনুয়া ইউনিয়নের কুতুবখালী এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি ইপিজেড থানাধীন ব্যারিস্টার কলেজ সংলগ্ন এলাকায় ভাড়ায় বসবাস করছিলেন।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার রিয়াজের বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় ডাকাতি, চুরি ও ছিনতাইসহ মোট ৭টি মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে ইপিজেড থানা পুলিশ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪